পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী সপ্তাহের বৃহস্পতিবার প্রথম দফার ভোট। তার আগে ভোটের স্লিপ বিলি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কতদিনের মধ্যে স্লিপ বিলি করতে হবে এবং কারা বিলি করবেন? তা জানিয়ে দিয়েছে কমিশন। 

বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করতে হবে বিএলওদের এবং প্রথম দফার ভোটের ৫ দিন আগে তা বিলি করতে হবে।

আর যদি কোনও রাজনৈতিক দল স্লিপ বিলি করে তাহলে জনপ্রতিনিধি আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। প্রসঙ্গত, ভোটের স্লিপ বিলি করা হল বিএলওদের কাজ। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করে থাকে। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার তা হবে না। ভোটের ৫ দিন আগে ভোটাররা যেন স্লিপ পেয়ে যান তা বিএলওদেরকেই নিশ্চিত করতে হবে।
এছাড়াও, জানা যাচ্ছে, স্লিপে একটি বিশেষ কিউআর কোড থাকবে। পাশাপাশি, ভোট দিতে গিয়ে কি করা উচিত? কি উচিত নয়, তা স্লিপে উল্লেখ থাকবে। শুদু তাই নয়, স্লিপে স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। যদিও রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করতে পারবে না।
তবে স্লিপ বিলির সময় রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা বিএলওর সঙ্গে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, এবার বাংলায় দুটি দফায় ভোট হবে। তার মধ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। প্রথম দফায় ভোট হবে ১৫২ টি কেন্দ্রে। ১৮ এপ্রিলের মধ্যে বিএলও স্লিপ বিলি শেষ করতে বলা হয়েছে। অন্যদিকে, বাকি কেন্দ্রগুলিতে ভোট হবে আগামী ২৯ এপ্রিল। ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে।