পুবের কলম ওয়েব ডেস্ক: সাধারণত ভোটগ্রহণের সময় একটি বুথে একটি মাত্র ভোটযন্ত্রই ব্যবহার করা হয়। কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে এক ব্যতিক্রমী পরিস্থিতির সাক্ষী হতে চলেছে ভাঙড়। সেখানে প্রতিটি ভোটকেন্দ্রেই পাশাপাশি রাখা হবে দুটি করে ভোটযন্ত্র। রাজ্যের মধ্যে একমাত্র ভাঙড়েই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, মূল কারণ প্রার্থীর সংখ্যা।
কিন্তু ভাঙড়ে এবারের নির্বাচনে সেই সীমা ছাড়িয়ে গিয়েছে প্রার্থীর সংখ্যা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী লড়াই করছেন। এর পাশাপাশি নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে রয়েছেন আরও ১২ জন। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯। ফলে একটি মাত্র ভোটযন্ত্রে সকলের নাম রাখা সম্ভব নয়।
এই কারণেই নির্বাচন কমিশন ভাঙড়ের প্রতিটি বুথে দুটি ভোটযন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। দুটি যন্ত্রে ভাগ করে প্রার্থীদের নাম রাখা হবে, যাতে ভোটাররা সহজেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হল, অন্য কিছু কেন্দ্রেও প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। যেমন কোচবিহার দক্ষিণ ও করণদিঘি কেন্দ্রে শুরুতে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় সেখানে দুটি ভোটযন্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মনোনয়ন যাচাই এবং প্রত্যাহারের পর সেই সংখ্যাটি কমে গিয়ে ১৫-তে দাঁড়ায়। ফলে সেখানে আর দুটি যন্ত্রের প্রয়োজন হয়নি।
রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙড়েই প্রার্থীর সংখ্যা ১৯। তাই এই কেন্দ্রেই নেওয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা। অতীতের পরিসংখ্যান বলছে, দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় কোথাও এই ধরনের ব্যবস্থা করতে হয়নি। তবে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রের কয়েকটি বুথে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় দুটি ভোটযন্ত্র ব্যবহার করা হয়েছিল।