উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। বুধবার কারচানা থানা এলাকার পাচদেওরা ওভারব্রিজের কাছে পরপর দুটি ট্রেনের ধাক্কায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কালকা এক্সপ্রেসের ধাক্কায় একজনের মৃত্যু হয়।
প্রয়াগরাজ রেলওয়ে পুলিশের সুপার প্রশান্ত ভার্মা জানান, প্রথম দুর্ঘটনার পর অনেকেই পরিস্থিতি দেখতে লাইনের উপর চলে আসেন। সেই সময় অন্য লাইনে দ্রুতগতিতে আসা পুরুষোত্তম এক্সপ্রেসের ধাক্কায় আরও চারজন প্রাণ হারান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল।
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেললাইনের উপর অসাবধানভাবে নামার বিপদ সম্পর্কে আবারও সতর্ক করল প্রশাসন। সামান্য কৌতূহল যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, প্রয়াগরাজের এই দুর্ঘটনা তারই নির্মম উদাহরণ হয়ে রইল।