পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়’ বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ফের বড় ধাক্কা খেল বিজেপি। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই একের পর এক সমবায় ও পঞ্চায়েতে হারছে গেরুয়া শিবির। এবার কাঁথি-১ নম্বর ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূল কংগ্রেসের দখলে গেল।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে বিজেপি জেতে ১২টিতে এবং তৃণমূল পায় ১১টি। সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। কিন্তু পরে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে প্রধান অশোক সামন্তের বিরুদ্ধে। আড়াই বছরের মেয়াদ পূর্ণ না হলেও তিনি মাত্র ২১ মাসেই পদত্যাগ করেন।আরও পড়ুন:
এরপরেই বিজেপির প্রতীকে জেতা তেডুবি গ্রাম সংসদের সদস্য তনুশ্রী জানা দলবদল করে তৃণমূলে যোগ দেন। এর ফলে আসন পালটে গিয়ে তৃণমূল ১২টি ও বিজেপি ১১টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেই পরিস্থিতিতে তৃণমূল নিজেদের পছন্দের প্রার্থী হিসেবে জগন্নাথপুরের সদস্য নিতাই দাসকে প্রধান পদে বসায়।
বুধবার সরকারি অনুষ্ঠানে প্রধান হিসেবে শপথ নেন নিতাই দাস।আরও পড়ুন:
সকাল থেকেই তৃণমূল কর্মীরা ব্যাঞ্জো বাজিয়ে, সবুজ আবির মেখে মিছিল ও উল্লাসে সামিল হন। নবনির্বাচিত প্রধানকে পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেয় তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে কেড়ে নেয় তৃণমূল কংগ্রেস। সেখানেও শূন্য প্রধান পদে নির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রার্থী উমারানি । পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে পরপর পঞ্চায়েত হাতছাড়া হওয়া রাজ্যের রাজনীতিতে তৃণমূলের দাপট বাড়ানোর পাশাপাশি বিজেপির ভিত আরও নড়বড়ে করে দিচ্ছে।