পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে তিনি সংযম হারান এবং তাঁদের উদ্দেশে হুমকির সুরে কথা বলেন, এমনকি আম জনতার ওপর চড়াও হন।এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের তরফে। শুক্রবার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রচারে বেরিয়ে ভোটারদের নানা প্রশ্নের মুখোমুখি হন রমাপ্রসাদ।

অভিযোগ, সেই প্রশ্নেই ক্ষুব্ধ হয়ে তিনি উপস্থিত জনতার উপর চড়াও হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল কর্মী-সমর্থকেরাই পরিকল্পিতভাবে তাঁর প্রচারে বাধা দেয় এবং তাঁকে হেনস্তা করা হয়।এই ঘটনাকে ঘিরে দ্রুত দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে রমাপ্রসাদ ক্ষোভ প্রকাশ করে রাস্তায় বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এবং পরিস্থিতি সামাল দেয়।
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং গোটা বিষয়টি নজরে রেখেছে প্রশাসন। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা বেলদা থানার সামনে বিক্ষোভ দেখান এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, প্রার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং তাঁর প্রচারের অধিকার খর্ব করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে। দলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। নারায়ণগড় ব্লক যুব তৃণমূল সভাপতি সুভাষ রায়চৌধুরীর বক্তব্য, সাধারণ মানুষের প্রশ্নের জবাব দিতে না পেরে বিজেপি প্রার্থী নিজেই উত্তেজিত হয়ে ওঠেন এবং পরে ঘটনাকে ভিন্ন খাতে ঘোরানোর চেষ্টা করেন।