পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন সফরের ঠিক আগেই বেজিংয়ে পৌঁছে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভোরে সেখানে পৌঁছেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন তিনি। চলতি বছরে দুই রাষ্ট্রনেতার এটি তৃতীয় সরাসরি বৈঠক। রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে মূলত রাশিয়া ও চিনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা এবং মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
আগামীকাল, বৃহস্পতিবার ৩৩তম অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনে পৌঁছবেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, এই সম্মেলনের ফাঁকেই ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের মধ্যে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতির আবহে এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, ট্রাম্পের সঙ্গে বসার আগে পুতিন ও জিনপিং নিজেদের মধ্যে কৌশলগত কোনো রণকৌশল নিয়ে আলোচনা সেরে রাখলেন।
অন্যদিকে, এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই জল্পনা তৈরি হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চলতি সপ্তাহেই কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। তবে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, দূরত্বের কারণে কিমের পক্ষে বেজিংয়ে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব। তা সত্ত্বেও এই সম্ভাব্য বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত রয়েছে।