পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফল ক্রমশ স্পষ্ট হতে শুরু করতেই বারাকপুরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান একদল প্রতিবাদকারী। তাঁকে লক্ষ্য করে "চোর" স্লোগান তোলা হয় বলে অভিযোগ। শুধু স্লোগানেই থেমে থাকেনি ক্ষোভ, তাঁর দিকে কাদা ও চটিও ছোড়া হয় বলে জানা গিয়েছে। যদিও এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও রাজকে শান্ত ও সংযত থাকতে দেখা যায়।
মুখে হাসি রেখেই তিনি গণনাকেন্দ্র ত্যাগ করেন।আরও পড়ুন:
প্রকাশ্যে আসা দৃশ্যে দেখা গিয়েছে, পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী এবং তৃণমূলের কর্মীরা তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে গণনাকেন্দ্রের বাইরে নিয়ে যাচ্ছেন। অভিযোগ, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়। দলের কর্মীরা দ্রুত তাঁকে আড়াল করে নিরাপদে বের করে আনেন। পরে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে রাজ কোনও মন্তব্য করতে চাননি।
শুরু থেকেই বারাকপুর কেন্দ্রে রাজ চক্রবর্তীর পিছিয়ে থাকার প্রবণতা স্পষ্ট ছিল। সপ্তম দফার গণনা শেষে দেখা যায়, বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর তুলনায় তিনি প্রায় সাড়ে ন’হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। এরপরই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শেষ পাওয়া প্রবণতা অনুযায়ী, ব্যবধান আরও বেড়ে প্রায় দশ হাজারের কাছাকাছি পৌঁছেছে।আরও পড়ুন:
রাজ চক্রবর্তী দু’হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
সেই বছরই বারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়ে জয়ী হন তিনি। ফলে এবারের নির্বাচনেও দল তাঁর উপরেই আস্থা রেখেছিল। কিন্তু বর্তমান ফলাফলের প্রবণতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, এই কেন্দ্রে তাঁর জয় ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এদিকে কোচবিহারেও উত্তেজনার খবর সামনে এসেছে। অভিযোগ, সেখানকার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে। এই ঘটনার জন্য বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।