পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। তার জেরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এই আবহে বড় সিদ্ধান্ত নিল ভেনেজুয়েলা সরকার। জ্বালানি সংকট এবং তীব্র গরমের কারণে দেশের সরকারি কর্মীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করলেন দেশটির অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ।

এছাড়াও বেশকিছু মন্ত্রকের কার্যক্রম সীমিত করা হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশটি এর আগেও এই পথে হেঁটেছে। এমনিতেই দেশটি চরম বিদ্যুৎ সংকট এবং খাদ্য সংকটে ভুগছে। তারওপর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার পালিত হতে চলেছে।

এই সব কারণেই এই ছুটি ঘোষণা। জানা গিয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। যদিও, অতীতে জ্বালানি সাশ্রয়ের জন্য দেশটিতে কর্মদিবস কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গিয়েছে। ডেলসি রদ্রিগেজ ছুটি ঘোষণা করে বলেন, পবিত্র সপ্তাহ উপলক্ষে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়েছে।
এছাড়াও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একাধিক মন্ত্রকের কার্যক্রম সীমিত করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ছুটিও দেওয়া হয়েছে। এরপরেই তিনি তীব্র গ্রম এবং জ্বালানি সংকটের কথা উল্লেখ করেন। গত ৪৫ দিন ধরে টানা তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ার ফলে জ্বলানি সংকট বেড়েছে। যদিও জরুরি ও প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে বলেই তিনি জানিয়েছেন। 

প্রসঙ্গত, মার্কিন বাহিনী অভিযান চালিয়ে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে। তারপর থেকেই অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দেশটিতে নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রদ্রিগেজ।