পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ শহরতলির বিস্তীর্ণ অঞ্চল। সপ্তাহের প্রথম দিনেই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। অফিসযাত্রা থেকে শুরু করে স্কুল বা জরুরি কাজে বের হওয়া—প্রতিটি ক্ষেত্রেই বাস, ট্রেন এবং রাস্তায় ভোগান্তি চরমে। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ এবং সক্রিয় বর্ষার বাতাসের জেরেই এই টানা বৃষ্টি। আবহবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়েই চলবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।আরও পড়ুন:
বিশেষত কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবারের জন্য আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে তিনটি জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল।
আরও পড়ুন:
তবে শুধুমাত্র সোমবার বা মঙ্গলবার নয়, বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এমনকি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত রবিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।