পুবের কলম ওয়েব ডেস্কঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জাতির সন্তান ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। তবে সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে, মামলাকারীকে কড়া হুঁশিয়ারি দিল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। 

মামলাকারীর দাবি,স্বাধীনতায় নেতাজির অবদানের কথা মাথায় রেখে তাঁকে জাতির সন্তান হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি দেশকে স্বাধীন করার কৃতিত্ব দিতে হবে আজাদ হিন্দ বাহিনীকে।

আবেদনকারীর কথায়, নেতাজি, তাঁর আজাদ হিন্দ ফৌজ ঈবং তাঁদের সাহসী করমকাণ্ডের জন্য ভারত স্বাধীনতা পেয়েছিল। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার নেপথ্যে প্রকৃত তথ্য অবিলম্বে প্রকাশ করার দাবি জানানো হয় আবেদনে। তাঁর দাবি, ভারতের সেনা বাহিনীর প্রতিষ্ঠা দিবস হিসেবে ১৯৪৩ সালের ২১ অক্টোবর দিনটিকে ঘোষণা করা হোক। মুলত ব্রিটিশরা কীভাবে এবং ঠিক কী কারণে ভারত ছেড়েছিল, সেই তথ্য প্রকাশ্যে আনার দাবি জানা  মামলাকারী। মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে।
তবে বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী অতিতেও একই ধরনের মামলা করেছিলেন। সেই মামলাটিও খারিজ হয়ে গিয়েছিল। তাই এবারও মামলাটি খারিজ করে আদালত। 

একইসঙ্গে, এদিনের মামলা নিয়ে মামলাকারীকে সতর্ক করে বেঞ্চ। আদালত মামলাকারীকে ভর্ৎসনাও করে মৌখিকভাবে সতর্ক করে বলে, সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ওই মামলাকারী যেন ভবিষ্যতে কোনও জনস্বার্থ মামলা দায়ের করতে না পারে।