পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের মুখেও বদলি থামাচ্ছে না নির্বাচন কমিশন। ফের বদলি পুলিশ আধিকারিকের। এবার নন্দীগ্রামের পুলিশ অবজারভারকে সরিয়ে দেওয়া হল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নন্দীগ্রামের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অই অবজারভারের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই ওই পুলিশ অবজারভার হিতেশ চৌধুরীকে সরিয়ে দেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন।
তাঁর জায়গায় নন্দীগ্রামের নতুন পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে অখিলেশ সিংকে।আরও পড়ুন:
রাজ্যে নির্বাচনী বিধি জারি হওয়ার পরেই রাজ্যের শীর্ষ নেতা থেকে শুরু করে একের পর এক পুলিশ প্রশাসনের আধিকারিকদের বদলি করে কমিশন। সেই সঙ্গে ভিন রাজ্য থেকে বাংলায় ৮৪ জনকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে। এক একজন পুলিশ অবজারভারকে দায়িত্ব দেওয়া হয় তিন চারটি বিধানসভার। মূলত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এই পুলিশ অবজারভার নিয়োগ।
তার মধ্যে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক করা হয় হিতেশকে। তাঁকে নন্দীগ্রামের পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করে কমিশন। কিন্তু আজ মঙ্গলবার তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, এবার রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির অন্যতম হল নন্দীগ্রাম। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর অন্যদিকে, তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর। তিনি শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। তৃণমূলের তরফে সম্প্রতি হিতেশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছিল নন্দীগ্রাম থানার ওসি তাদের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না। আর এবার হিতেশকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিক পর্যবেক্ষক নিয়োগের পর তাদের বদলি করেছে কমিশন। তার মধ্যে রয়েছে মালদহ, জঙ্গিপুর-সহ একাধিক জায়গা।