পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে বিতর্কে জড়িয়েছিলেন কালীঘাট থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসি গৌতম দাস। হাতে আগ্নেয়ান্ত্র সহ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই সব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর নতুন সরকার আসার পরেই নবান্নে পাঠানো হল সেই পুলিশ আধকারিককে।

 

বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি ছবি প্রকাশ্যে আসার পর। সেই ছবিতে দেখা যায়, থানার দপ্তরে নিজের আসনে বসে হাতে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে রয়েছেন গৌতম দাস। অভিযোগ ওঠে, ছবিটি তিনি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

শাসকদলের পক্ষ থেকে ওই ছবি নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করা হয়।ঘটনা সামনে আসার পর দ্রুত পদক্ষেপ করে কলকাতা পুলিশ। গৌতম দাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তাঁকে সাসপেন্ডও করা হয়।
তাঁর জায়গায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হলেও অল্প সময়ের ব্যবধানে কালীঘাট থানায় একাধিকবার নেতৃত্বে পরিবর্তন আনা হয়। কয়েক দফায় ওসি বদল হওয়ায় বিষয়টি তখন বিশেষভাবে নজরে আসে।

বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন তিনি কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের অধীনে কর্মরত ছিলেন। যদিও তাঁর নতুন দায়িত্ব নিয়ে এখনও প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই বদলিকে ঘিরে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।