পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন করে উত্তাপ বাড়াল রাজনৈতিক তরজা। সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করার ছক কষতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের দাবি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি'র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। আগামী দেড়শো ঘণ্টাকে অত্যন্ত স্পর্শকাতর বলেও উল্লেখ করেছে ঘাসফুল শিবির।

দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, বিজেপির মূল নজর দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

তাঁদের আশঙ্কা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ চব্বিশ ২৪, কলকাতা, হাওড়া ও হুগলি, এই সব এলাকাতেই বড় ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে, যার ফলে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শশী পাঁজা এ দিন অভিযোগ করেন, বিজেপি বাংলায় বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি, বিশেষ করে মহিলাদের জন্য নেওয়া পদক্ষেপগুলিকে থামাতে চাইছে। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করে কোনও পরিকল্পনা করছেন। সেই কারণেই রাজ্যের মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

তৃণমূলের আরও অভিযোগ, এক জন নেত্রীকে পরাজিত করতে কেন্দ্রীয় স্তরের বহু শক্তি একত্র হয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সংস্থা, নির্বাচন ব্যবস্থা এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, সবাইকে ব্যবহার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়–কে হারানোর উদ্দেশ্যে।