পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের ঠিক আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাইক চলাচলের উপর একাধিক নিয়ন্ত্রণ আরোপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার  নির্বাচন কমিশনের প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে কোনও ধরনের বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইক চালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, ভোটের আগের দু’দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও পিছনে কোনও যাত্রী তোলা যাবে না। ভোটের দিনও একই সময়ের মধ্যে বাইক ব্যবহার করা যাবে, তবে শুধুমাত্র ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে।

যদিও কিছু বিশেষ পরিস্থিতিতে এই বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত জরুরি কাজ, পারিবারিক প্রয়োজন কিংবা স্কুলে শিশুদের আনা-নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাঁরা বাইক ব্যবহার করবেন, তাঁদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবাগুলিও এই বিধিনিষেধের বাইরে থাকবে বলে জানিয়েছে কমিশন।

এর বাইরে কেউ যদি বিশেষ কারণে বাইক ব্যবহারের অনুমতি চান, তাহলে তাঁকে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

এই সমস্ত নির্দেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই দফার জন্য সংশ্লিষ্ট এলাকায় এই বাইক সংক্রান্ত বিধিনিষেধ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল ১৪২টি আসনে অনুষ্ঠিত হবে, আর তার আগে ২৭ এপ্রিল থেকে ওইসব এলাকাতেও একই নিয়ম চালু করা হবে।