পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কলকাতার বন্দর এলাকায় রাজনৈতিক উত্তাপ চড়ছিল। সোমবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ— সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিল একবালপুর। এই ঘটনার জেরে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

সোমবার রাতে একবালপুরের হোসেন শাহ রোডে পুলিশের অনুমতি নিয়ে একটি নির্বাচনী সভা করছিলেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। স্থানীয় সূত্রে খবর, সেই সময় ওই এলাকা দিয়ে তৃণমূলের একটি মিছিল যাচ্ছিল।

দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় চরম স্লোগান-পালটা স্লোগান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। অনেক রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়। 

অভিযোগ, রাকেশ সিং ও তাঁর অনুগামীরা এলাকায় গিয়ে হুমকি দিয়েছেন।

এরপরই কড়া পদক্ষেপ করে পুলিশ ৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। প্রার্থী রাকেশ সিংয়ের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তাঁর সভা চলছিল। সেখানে তৃণমূলের কিছু লোক এসে ঝামেলা শুরু করে।

প্রসঙ্গত, হেভিওয়েট প্রার্থী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার বন্দর এলাকায় লড়ছেন রাকেশ সিং। অপরাধমূলক মামলায় অভিযুক্ত রাকেশ সম্প্রতি অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েই টিকিট পেয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপির সভা থেকে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। স্থানীয় মানুষ তার প্রতিবাদ করলে রাকেশ সিং নিজে এসে গালিগালাজ করেন এবং অশান্তি উস্কে দেন।