পুবের কলম ওয়েবডেস্কঃ নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে বরানগরে প্রচার ঘিরে ফের উত্তেজনার ছবি সামনে এল। শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। অভিযোগ, ভোট চাইতে গিয়ে তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান, যা ঘিরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

জানা গিয়েছে, এদিন বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে প্রচার করছিলেন সজল ঘোষ। সেই সময় কিছু স্থানীয় বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর বিরুদ্ধে সরব হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্প সময়ের মধ্যেই বিক্ষোভ বাড়তে থাকে এবং শুরু হয় স্লোগানবাজি। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়ায়।

এই ঘটনাকে ঘিরে তৃণমূলের তরফে অভিযোগ, প্রচারের সময় সজল ঘোষ নাকি অশ্রাব্য ভাষা ব্যবহার করেন, যার প্রতিবাদে সরব হন এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের উপনির্বাচনের সময়ও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সজল ঘোষকে। সেই প্রেক্ষিতে এবারের ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিকে, রাজ্যের অন্য প্রান্তেও প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীদের সাধারণ মানুষের প্রশ্ন ও ক্ষোভের মুখে পড়ার অভিযোগ উঠছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রচারের সময় স্থানীয়দের প্রশ্নে বিরক্ত হয়ে মেজাজ হারানোর অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে। সেই ঘটনাকেও কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।