পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটকে ঘিরে নিরাপত্তা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের কাজের পরিধিতে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের অন্তত তিন দিন আগে এই সমস্ত কর্মীদের রিজার্ভ পুলিশ লাইনে পাঠিয়ে দিতে হবে এবং নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে তাঁদের যুক্ত করা যাবে না।
আরও পড়ুন:
এই মর্মে রাজ্যের সমস্ত পুলিশ সুপার ও কমিশনারদের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, ভোটের আগেই সিভিক, গ্রাম এবং গ্রিন পুলিশ কর্মীদের সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে রাখতে হবে। রিজার্ভ লাইনে থাকাকালীন তাঁদের কী কাজ করা যাবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তাঁদের ব্যবহার করা যাবে না, তবে অন্যান্য প্রশাসনিক দায়িত্বে প্রয়োজন অনুযায়ী লাগানো যেতে পারে।আরও পড়ুন:
কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং বারবার জানানো হয়েছে, ভোটে কোনও রকম বিশৃঙ্খলা বা বাধা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবেই এই নতুন নির্দেশ কার্যকর করা হচ্ছে। এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, ভোটের দিন এই কর্মীরা কি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? কমিশনের স্পষ্ট জবাব, কারও ভোটাধিকার খর্ব করার পক্ষপাতী নয় তারা। সিভিক ভলান্টিয়ার, গ্রাম ও গ্রিন পুলিশ কর্মীরা অবশ্যই ভোট দিতে পারবেন, তবে সে ক্ষেত্রে ইউনিফর্ম পরে নয়, সাধারণ ভোটারের মতোই সাধারণ পোশাকে ভোটকেন্দ্রে যেতে হবে।