পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত বিষয়গুলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট জাজ ও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজরা। তাঁদের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট–এর প্রধান বিচারপতি।
আদালত আরও নির্দেশ দিয়েছে, এই বিচারকদের কাজে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের যুক্ত করা হবে। যেসব ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি নিয়ে স্ক্রুটিনি বাকি রয়েছে, সেগুলির শুনানি করে সিদ্ধান্ত দেবেন এই জুডিশিয়াল অফিসাররা। আদালত স্পষ্ট জানিয়েছে, তাঁদের নির্দেশকেই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য করতে হবে এবং রাজ্য সরকারকে তা অবিলম্বে মানতে হবে।
শুনানির সময় প্রধান বিচারপতি কড়া মন্তব্য করে বলেন, রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পরিস্থিতি “দোষারোপের খেলায়” পরিণত হয়েছে, যা দুর্ভাগ্যজনক। তাই নিরপেক্ষভাবে প্রক্রিয়া এগিয়ে নিতে আদালত এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই নির্দেশকে SIR মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।






























