পুবের কলম প্রতিবেদক: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ভূপতিনগরের আক্রান্ত হন তদন্তকারী আধিকারিকরা। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। এনআইএ-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল।
এদিন সিভি আনন্দ বোস বলেন, "কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা নিন্দনীয়। এর বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করব।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দফায় দফায় বেশ কয়েকজনকে নোটিস দিয়ে তলব করে এনআইএ। সেই তালিকায় ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানা। হাজিরা না দেওয়ায় শনিবার সকালে তাঁদের গ্রেফতার করতে যান তদন্তকারীরা।
জানা গিয়েছে, এলাকায় প্রবেশ করতেই তদন্তকারীদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ আধিকারিকদের দাবি, অন্তত ১০০-১৫০ জন অনুগামী তাঁদের ঘিরে ধরেন। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা, তাদের হাতে লাঠি ছিল।আরও পড়ুন:
এদিকে, এনআইএ-এর ওপর হামলা নিয়ে বিক্ষোভকারীদের পাশেই দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার বালুরঘাটের তপনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। মধ্যরাতে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে। মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।"