পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আবহে রবিবার ছুটির দিনেও উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনৈতিক ময়দান। পুরুলিয়ার মানবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দয়োপাধ্যায়। আগের দিন কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  তৃণমূলের বিরুদ্ধে বিস্তৃত চার্জশিট পেশ করেছিলেন। তার পরদিনই মমতা সরাসরি সেই প্রসঙ্গে মুখ খুলে কটাক্ষে বিদ্ধ করেন শাহকে। শাহর চার্জশিটকে পাত্তা না দিয়ে মমতা বলেন, "বিজেপি একটা গর্ধশক্তি এবং হাঁদাভোঁদার দল। পায়রা যেমন বকমবকম করে সেরকম উল্টোপাল্টা কথা বলে।

এদিনের সভামঞ্চ থেকে তিনি শাহর চার্জশিটকে গুরুত্ব না দিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, দিল্লি থেকে বড় নেতা এসে অভিযোগের তালিকা পড়ে শোনালেই তা সত্যি হয়ে যায় না। মমতা বলেন, দিল্লি থেকে গতকাল এক বড় নেতা এসে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। মমতার প্রশ্ন, তিনি চার্জশিট দেওয়ার কে? তাঁর পালটা দাবি, যিনি অভিযোগ তুলছেন, তাঁর নিজের ভূমিকা নিয়েই বরং প্রশ্ন তোলা উচিত। গুজরাটের দাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি পরোক্ষে শাহকে আক্রমণ করেন এবং অতীতের ঘটনাকে সামনে এনে তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "গুজরাতে তো আপনিই দাঙ্গা করেছিলেন।

কত লোক সেই দাঙ্গায় মারা গিয়েছিলেন। তখন আপনি কোথায় ছিলেন। যখন আমেরিকা গুজরাতের মানুষদের দরি পরিয়ে পুশব্যাক করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন?"

মানবাজারের পাথরকাটা ফুটবল মাঠে আয়োজিত সভায় তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শুধুই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে জনবিন্যাস বদলের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাঁর বক্তব্য, এই ধরনের প্রচার মানুষের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে।

তিনি বলেন, " ডাহা মিথ্যে কথা বলছে। মিথ্যা প্রচার করা হচ্ছে।" এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, যেখানে তৃণমূল শক্তিশালী, সেই সব বুথে পুনর্নির্বাচনের ছক কষা হচ্ছে। এই অভিযোগ তুলে তিনি কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তা দেন এবং দিল্লির ‘চক্রান্ত’ রুখে দেওয়ার ডাক দেন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তাঁর লক্ষ্য ক্ষমতা দখল নয়, বরং মানুষের সমর্থন ও অধিকার রক্ষা করা।