পুবের কলম ওয়েবডেস্কঃ  ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইস্তেহার বা ঘোষণাপত্র প্রকাশ করল সিপিআই(এমএল) লিবারেশন। দলের রাজ্য নেতৃত্ব সাফ জানান, যেকোনও মূল্যে বিজেপির বাংলা দখলের চক্রান্ত ব্যর্থ করতে হবে। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই জারি রাখার ডাক দিয়েছে দলটি।

রবিবার লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, বর্তমানে সারা রাজ্যজুড়ে একদিকে বিজেপির আগ্রাসন আর অন্যদিকে তৃণমূলের অপশাসন চলছে। এই দ্বিমুখী লড়াইয়ে রাজ্যবাসী বাম প্রার্থীদের ওপর ভরসা রাখছেন।

ভোটারদের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করাই দলের প্রধান লক্ষ্য। দলের নির্বাচনী ঘোষণাপত্রে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষায় একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। লিবারেশনের দাবি, প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যের জন্য স্থায়ী ও সম্মানজনক কাজ নিশ্চিত করতে হবে। এছাড়া অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক ২৬ হাজার টাকা মজুরি এবং কৃষি মজুরদের বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরির দাবি জানানো হয়েছে ইস্তেহারে। শিল্প ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ভেঙে পড়া শিল্পাঞ্চলগুলির পুনরুজ্জীবন এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানার জমিতে নতুন করে শিল্প স্থাপনের ওপর জোর দিয়েছে লিবারেশন।
পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে বিকল্প কর্মসংস্থান তৈরির বিষয়টিও তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের ১০টি আসনে লিবারেশনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দিনের সাংবাদিক সম্মেলনে অভিজিৎ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক পাল, পার্থ ঘোষ এবং বজবজ কেন্দ্রের প্রার্থী কাজল দত্ত-সহ দলের শীর্ষ নেতৃত্বরা। তাঁদের দাবি, মানুষের অধিকার রক্ষার এই লড়াই আগামী দিনে আরও তীব্র হবে।