দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: বিশ্বভারতী উপাচার্য অসুস্থ। এমনই দাবি বিশ্ববিদ্যালয়ের তরফে। দুই চিকিৎসক অনির্বাণ দাশগুপ্ত ও অরিন্দম চট্টোপাধ্যায় তাঁকে দেখতে গিয়ে ফিরে আসেন।এক চিকিৎসকের দাবি,  তাঁদের  যেতে দেয়নি আন্দোলনরত ছাত্ররা। অন‍্যদিকে,  আন্দোলনকারীদের দাবি,  তাঁরা চেয়েছিলেন চিকিৎসকদের সঙ্গে দুইজন ছাত্র প্রতিনিধি যেতে দিতে হবে,  যেটা নিরাপত্তা কর্মীরা মানেনি, তাই চিকিৎসকরা ফিরে গেছেন।

তাঁরাই ফের দুইজন চিকিৎসক পাঠাবেন। আসলে উপাচার্য অসুস্থতার নাটক করে মিথ‍্যাচার করছেন।

বৃহস্পতিবার হঠাৎই বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল থেকে এই দুইজন চিকিৎসক এবং নার্স নিয়ে একটি অ্যাম্বুলেন্স উপাচার্যের বাড়ির সামনে এসে দাঁড়ায়।

সঙ্গে সঙ্গে আন্দোলনরত ছাত্রছাত্রীরা সেখানে তাদের ঘিরে ধরে। জানা যায় উপাচার্য অসুস্থ বোধ করায় পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ফোন করা হয় এবং তার জন্যই ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স এসে হাজির হয়।