পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দলের কেন্দ্রীয় সাংসদ রেণুকা চৌধুরী প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়-এর জয়ের কামনা করায় ক্ষোভে ফুঁসছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এক সাক্ষাৎকারে রেণুকা বলেন, দলীয় অবস্থান যাই হোক না কেন, ব্যক্তিগতভাবে তিনি চান মমতাই বাংলায় জিতুন। এমনকি কংগ্রেস প্রার্থী থাকলেও তাঁর এই মত বদলাবে না বলেও জানান তিনি। তাঁর দাবি, মতপার্থক্য থাকা সত্ত্বেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।


 
 তবে এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি প্রদেশ কংগ্রেস। তাঁদের স্পষ্ট বক্তব্য—রাজ্যের মাটিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, সেখানে দলের কেন্দ্রীয় নেতার এমন মন্তব্য বিভ্রান্তিকর। প্রদেশ নেতৃত্বের একাংশ কটাক্ষ করে বলেছে, বাংলার রাজনীতি না বুঝে এভাবে মন্তব্য করা উচিত নয়।
 উল্লেখ্য, প্রায় দুই দশক পর বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই দলের ভেতরে এই ধরনের ‘ভিন্ন সুর’ নতুন করে অস্বস্তি তৈরি করেছে।