পুবের কলম ওয়েব ডেস্কঃ স্কুলগুলিতে বন্দে মাতরম গান গাইতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসায় প্রতিদিন "বন্দে মাতরম"  গাওয়া বাধ্যতামূলক করা হল। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকার পরিচালিত, সরকার পোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় গান গাইতে হবে।

গত ১৯ মে এই নির্দেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট। 

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এই নিয়ম কার্যকর হবে। এর আগে চালু থাকা সমস্ত প্রথা ও নির্দেশ বাতিল করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তাঁর বক্তব্য, রাজ্যের অন্যান্য সরকারি ও সরকার পোষিত স্কুলে যখন "বন্দে মাতরম" গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে,  তখন মাদ্রাসাগুলিকে আলাদা রাখা হবে কেন। এর আগে গত ১৩ মে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে প্রার্থনার সময় "বন্দে মাতরম" গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এবার মাদ্রাসাগুলিকেও একই নিয়মের আওতায় আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক সুত্রের খবর,  শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে জাতীয় চেতনা,  ঐক্যবোধ এবং অভিন্ন পরিচয়ের ভাবনা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে,  এটি কোনও ধর্মীয় নির্দেশ নয়,  বরং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের নীতি কার্যকর করার উদ্যোগ।