পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম ও দ্বিতীয় দফায় রেকর্ড ভোট পড়েছে। দুটি ক্ষেত্রেই ৯০ শতাংশ পার করেছে ভোটদানের হার। আর আজ শনিবার পুননির্বাচনেও ভোটের হার প্রায় ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেল। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দুই বিধানসভা কেন্দ্রের ১৫ টি বুথে এদিন বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৮৬.৯০ শতাংশ। 

নির্বাচন কমিশন সুত্রের খবর, মগরাহাট পশ্চিমে ভোটদানের হার ছিল ৮৬.১১ শতাংশ।

অন্যাদিকে, ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৮৭.৬০ শতাংশ। প্রথম দফা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটে বেশ জায়গায় অশান্তির খবর পাওয়া যায়। এরপরেই ৭৭ টি বুথে পুননির্বাচনের দাবি ওঠে। এরমধ্যে ডায়মন্ড হারবারে ২৯টি এবং মগরাহাট থেকে ১৩ টি অভিযোগ জমা পড়ে। মোট ১৫ টি বুথে শেষ মেশ পুননির্বাচন হয় এদিন।
অন্যদিকে, ফলতায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। এই কেন্দ্রে ৩২ টি মতো অভিযোগ জমা পড়েছে। এখানে পুননির্বাচনের দাবিতে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যেই কমিশন এই নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই কেন্দ্রে পুননির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ফলতা। অভিযোগ উঠেছে, সেখানকার বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি মারধরও করা হয়েছে। 

ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এছাড়াও তারা পুননির্বাচনের দাবি জানান। এদিকে, মারধর ও হুমকির ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।