পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছেন, সোমবার সকালে লখিমপুর খেরি জেলার ইসানগর থানা এলাকার অন্তর্গত এনএইচ-৭৩০ জাতীয় সড়কের সিসাইয়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভ্যানটি লখিমপুর থেকে সিসাইয়ার দিকে যাচ্ছিল, অন্যদিকে বিপরীত দিক অর্থাৎ বাহরাইচ থেকে আসছিল ঘাতক ট্রাকটি।
সিসাইয়ার কাছে দুটি যানের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।আরও পড়ুন:
সংঘর্ষের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে যাত্রীবাহী ভ্যানটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ভ্যানে প্রায় ১০ জন যাত্রী ছিলেন এবং ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশে খবর দেন। তথ্য পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।আরও পড়ুন:
এদিকে, রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশেরই বাহরাইচ জেলায় ঘটে যাওয়া অন্য একটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, একটি দ্রুতগামী গাড়ি নেপাল থেকে বাহরাইচের দিকে আসছিল। পথে ব্রহ্মনিপুরার দীঘা মোড়ের কাছে একটি গম কাটার কম্বাইন হারভেস্টার মেশিনের সঙ্গে গাড়িটির জোরালো ধাক্কা লাগে।আরও পড়ুন:
ঘটনার পর পুলিশ প্রশাসন দুর্ঘটনাটি খতিয়ে দেখেছে এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার ডি. পি. তিওয়ারি এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, “ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।” বর্তমানে দুটি দুর্ঘটনা নিয়েই তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।