পুবের কলম, ওয়েবডেস্ক: লুধিয়ানার গিয়াসপুরের একটি কারখানায় গ্যাস লিক করে কমপক্ষে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনায় কারখানা সহ আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও ১১ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে অনুমান কারখানার পাশে একটি মুদির দোকানের সবজি রাখার ফ্রিজ থেকে গ্যাস লিক করে এই ঘটনা ঘটেছে। মৃতদের নাম সৌরভ(৩৫), বর্ষা(৩৫), আরিয়ান (১০), ছুলা (১৬), অভয় (১৩), কল্পেশ(৪০), নীতু দেবী, নবনীত কুমার। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ঘটনা নিয়ে ট্যুইট করে রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই ঘটনাকে দুঃখজনক অ্যাখ্যা দিয়েছেন তিনি।

সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে পঞ্জাব সরকার। লুধিয়ানা পুলিশ কমিশনার জানিয়েছে, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

জখম চারজনের অবস্থা আশঙ্কাজনক। এনডিআরএফ গ্যাসের নমুনা পরীক্ষার জন্য নিয়েছে। নিহতের রক্তের নমুনাও নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গ্যাস শ্রমিকদের ফুসফুসে নয়, মস্তিষ্কে প্রভাব ফেলেছিল। এনডিআরএফ-এর ৩৫ জনের একটি দল গ্যাসের নমুনা পরীক্ষা করে দেখছেন। এনডিআরএফ ইন্সপেক্টর জেনারেল (আইজি) নরেন্দ্র বুন্দেলা বলেছেন, গ্যাসের উৎস চিহ্নিতকরণের চেষ্টা করা হচ্ছে।