পুবের কলম ওয়েবডেস্কঃ পূর্ব ঘোষণা মতোই চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার কলকাতার নিউটাউনে পেশ করা এই চার্জশিটে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন শাহ। মূলত তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে সমস্ত অভিযোগ রয়েছে তাকেই চার্জশিট বা শ্বেতপত্র বলছেন পদ্ম শিবিরের নেতারা। শিল্প, বেকারত্ব, দুর্নীতি, নারী নির্যাতন প্রভৃতি একাধিক ইস্যু নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলা হয়েছে এই চার্জশিটে।
আরও পড়ুন:
এদিনের কর্মসূচী থেকে বিহারের মতো বাংলাতেও ভোটের আগে অনুপ্রবেশের অভিযোগ তুলে তৃণমূলকে তোপ দেগেছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অসমের প্রসঙ্গ টেনে বলেন, অসমে বিজেপি আসার পর অনুপ্রবেশকারী নেই। আর এখন বাংলায় অরাজকতা চলছে। ফলে দেশের সুরক্ষার জন্য বাংলাত ভোট গুরুত্বপূর্ণ। শাহ অভিযোগ করেছেন, অনুপ্রবেশের ফলে বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। ওবিসি তালিকা অনুযায়ী বঙ্গে মুসলিমদের সংখ্যা বেড়ে গিয়ে বঙ্গবাসীরা সংখ্যালঘু হয়ে পড়ার ভয় পাচ্ছে। শাহের আরও অভিযোগ, তৃণমূলের দুর্নীতির কারণে রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে। আর শিল্পের জন্য বাংলা কবরস্থানে পরিনত হয়েছে। সিন্ডিকেটরাজ নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন শাহ। তাঁর দাবি, বাংলায় সিন্ডিকেটরাজ চলছে। দুর্নীতিগ্রস্ত এবং সিন্ডিকেটরাজের সঙ্গে যুক্ত মানুষরাই রাজনীতির সঙ্গে যুক্ত।আরও পড়ুন:
চার্জশিটে রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঈকাধিক নারী নির্যাতনের কথা উল্লেখ করেছেন শাহ। সেখানে উঠে এসেছে আর জি কর, কামদুনি, সন্দেশখালি, কসবা ল কলেজ, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণের মতো একাধিক ঘটনা। সেপ্রসঙ্গে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে খোঁচা দেন শাহ। এছাড়াও, এসআইআর নিয়ে শাহ দাবিন করেন, বাংলায় এই বিষয়টি নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। কেরল-তামিলনাড়ুর মতো রাজ্যগুলির কথা উল্লেখ করে বলেন, ওই সব রাজ্যে কোনও অশান্তি হয়নি, শুধু বাংলা বিরোধিতা করছে। চার্জশিট পেশের কর্মসূচী থেকেই শাহ, বিজেপি ক্ষমতায় আসলে বিনামূল্যে দরিদ্রদের বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দেন।