পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের যমুনা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে ৬ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুক্রবার দুপুরে বৃন্দাবনে পুণ্যার্থীদের নিয়ে একটি যাত্রীবোঝাই নৌকা যমুনায় উলটে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রায় ১৫০ জন ভক্ত বৃন্দাবনে এসেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন নৌকায় করে স্থানীয় মন্দির দর্শনে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মান্ট থানার অন্তর্গত কেসি ঘাটের কাছে একটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লাগে নৌকাটির। প্রবল স্রোতের জেরে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এনডিআরএফের দল। শুরু হয় জোরকদমে উদ্ধারকাজ। নামানো হয় ডুবুরি দলও। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সিপি সিং জানিয়েছেন, প্রবল স্রোতের কারণে নৌকাটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা এবং প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকজ্ঞাপন করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।