পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীনই আগামী ১৬, ১৭ এবং ১৮ই এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘একতরফা’ এবং ‘গণতন্ত্র বিরোধী’ বলে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
 
কংগ্রেসের অভিযোগ, গত ২৪শে মার্চ সমস্ত বিরোধী দল একযোগে আবেদন জানিয়েছিল যেন সর্বদলীয় বৈঠকটি ২৯শে এপ্রিলের পর রাখা হয়।

কারণ হিসেবে জানানো হয়েছিল, ২৯শে এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি জারি থাকবে এবং সমস্ত রাজনৈতিক দল বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছে।
 
জয়রাম রমেশের দাবি, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান, যাতে প্রস্তাবিত সংবিধান সংশোধনীর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।
 
কংগ্রেস নেতার দাবি, প্রায় ৮-৯ দিন ধরে চিঠিপত্র আদান-প্রদান চললেও শেষ পর্যন্ত বিরোধীদের দাবিকে গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত নেয় মোদী সরকার। আগামী ১৬, ১৭ এবং ১৮ই এপ্রিল অধিবেশন ডাকা হয়েছে— ঠিক যে সময়ে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নির্বাচন হওয়ার কথা।