পুবের কলম, ওয়েবডেস্ক: বদলে গেলো ডিডির লোগো। সরকার পরিচালিত দূরদর্শনের লোগোয় গেরুয়া রঙের ছোঁয়া। দু'দিন আগেই নতুন লোগোর উন্মোচন করেছে প্রসার ভারতী। আগের লোগোটি বদলে সম্পূর্ণ গেরুয়া রঙ দেওয়া হয়েছে নতুন লোগোয়। সরকারি জাতীয় চ্যানেলকে "গেরুয়াকরণ" এর অভিযোগ তুলে সমালোচনা করেছেন বিরোধীরা।

কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় এক্স হ্যান্ডেলে দূরদর্শনের গেরুয়া লোগোর ছবি পোস্ট করে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেশে লোকসভা নির্বাচন চলাকালীন দূরদর্শনের লোগোর রঙ পরিবর্তনে আমি স্তম্ভিত। এটা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। জাতীয় সম্প্রচারমাধ্যমের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের নির্দশন।
ভোট চলাকালীন নির্বাচন কমিশন কীভাবে এর অনুমতি দিল? কমিশনের অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। ফের পুরনো নীল রংয়ের দূরদর্শনের লোগো ফিরিয়ে দিতে হবে।"

 

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার বলেন, "জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শন তাদের ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোটি গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে। প্রাক্তন সিইও হিসেবে এই 'গেরুয়াকরণ' আমার কাছে উদ্বেগের। আমার মনে হচ্ছে, এটি আর প্রসার ভারতী নেই, এটি প্রচার ভারতী হয়ে গেছে।" সমালোচনা করে তৃণমূল সাংসদ আরও বলেন, "শুধু লোগো নয়, পাবলিক ব্রডকাস্টারের সবকিছুই এখন গেরুয়া। শাসক দলের কর্মসূচি ও অনুষ্ঠান সর্বাধিক এয়ারটাইম পেলেও বিরোধী দলগুলি এখন খুব কম জায়গা পায়।"