পুবের কলম ওয়েবডেস্কঃ বাম শিবিরের শরিক সিপিএম বা আইএসএফ—কোনও দলের সঙ্গেই এখনও সমঝোতা হয়নি। সেই পরিস্থিতিতেই বিধানসভা ভোটকে সামনে রেখে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রবিবার দুপুরে দলের চেয়ারম্যান অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথম দফার তালিকা ঘোষণা করেন।দল সূত্রে জানানো হয়েছে, এবারের নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রার্থী দেবে তারা। তার মধ্যে প্রথম পর্যায়ে ১৫৩ জনের নাম প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র—নন্দীগ্রাম এবং ভবানীপুর—এই দু’টিতেও প্রার্থী ঘোষণা করেছে দল। নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শহিদুল হক এবং ভবানীপুরে লড়বেন পুনম বেগম।আরও পড়ুন:
নিজের জেলা মুর্শিদাবাদেও জোরদার উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর। জেলার ২২টি আসনের মধ্যে আপাতত ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেজিনগর এবং নওদা—এই দুই কেন্দ্র থেকেই নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এছাড়া রানিনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে। অন্যদিকে, ভরতপুর কেন্দ্রে, যেখান থেকে আগে লড়তেন হুমায়ুন, সেখানে এবার টিকিট পেয়েছেন পীরজাদা খোয়ায়েব আমিন।তবে বাকি আসনগুলিতে এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে—এই আসনগুলি কি ভবিষ্যতের সম্ভাব্য জোটের কথা মাথায় রেখে ফাঁকা রাখা হয়েছে? যদিও দল এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।আরও পড়ুন:
এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর কেন্দ্র নিয়েও চর্চা তুঙ্গে। তৃণমূল থেকে টিকিট না পাওয়া আবদুল করিম চৌধুরী হুমায়ুনের দলে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন। সে ক্ষেত্রে ওই কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করা হতে পারে বলেই জানা যাচ্ছে। সম্ভবত সেই কারণেই ইসলামপুরে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।দল জানিয়েছে, আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আর ২৮ মার্চ প্রকাশ পাবে দলের নির্বাচনী ইস্তেহার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলিকে ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।