পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বর্তমান পরিস্থিতিতে আইপিএল চালানো ঠিক হবে না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে হওয়া ম্যাচটি মাঝপথে বাতিল করা হয়।
এরপরই আইপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুক্রবার বিসিসিআইয়ের তরফে আইপিএল বন্ধের কথা জানানো হয়েছে। যুদ্ধ জিগিরের মধ্যে ক্রিকেট খেলা ভাল দেখাচ্ছে না বলে পিটিআইকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। হাই প্রোফাইল লিগ বন্ধ থাকছে বলে জানিয়েছেন তিনি। আইপিএলের গ্রুপ, প্লে অফ এবং ফাইনাল ম্যাচ আপাতত স্থগিত। ভারত-পাক সংঘাত প্রশমিত হওয়ার পরই পরবর্তী ম্যাচগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বারোটি লিগ ম্যাচ এবং চারটি নকআউট খেলা এখনও বাকি রয়েছে।২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। তারপর বুধবার ভোররাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনাবাহিনী।
পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার জম্মুতে বিমান হামলার সতর্কতা এবং বিস্ফোরণের মতো খবরের মধ্যে ভারতের বেশ কয়েকটি জেলা পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় সহ বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।আরও পড়ুন:
আইপিএল সূত্র অনুযায়ী, সামরিক সংঘর্ষ বিদেশি খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। গত বছর আইপিএল নিলামে ১০টি ফ্রাঞ্চাইজির ৬২ জন বিদেশি খোলোয়াড়কে স্বাক্ষর করা হয়েছিল। বিদেশি খেলোয়াড়রা কিছুদিনের জন্য দেশে ফিরে যেতে চাইছেন বলে জানানো হয়েছে। লিগ স্থগিত ঘোষণা করার পর এলএসজি সোশাল মিডিয়ায় লিখেছে 'প্রথমে দেশ'।
আরও পড়ুন: