পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ। সোমবার দলের তরফে ৯ টি জেলায় ২৩ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় সংখ্যালঘুদের পাশাপাশি রয়েছে একাধিক হিন্দু নাম। ভাঙড়ে এবারও দলের তরফে প্রার্থী হয়েছেন নৌসাদ সিদ্দিকি। উল্লেখ্য, তাঁর বিপক্ষে সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা।

ফলে এবার ভাঙড় কেন্দ্রটি বেশ নজরকাড়া হতে চলেছে। 

এদিকে, তৃণমূল ছেড়ে সম্প্রতি আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। প্রত্যাশা মতোই তাঁকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করেছে আইএসএফ। পাশাপাশি আদিবাসী প্রার্থীও রয়েছে আইএসএফের তালিকায়। যে সমস্ত আসনে আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে সেগুলি হল- মালদার সুজাপুর, নদিয়ার পলাশিপাড়া ও চাপড়া, উত্তর ২৪ পরগনার বাদুরিয়া, অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া ও বসিরহাট।

উল্লেখ্য উত্তর ২৪ পরগনা জেলাতেই সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, ক্যানিং পূর্ব ও পশ্চিম, মগরাহাট এবং ভাঙড়। এছাড়া, হুগলিতে দুটি আসন, পূর্ব মেদিনীপুরে দুটি আসন, পশ্চিম মেদিনীপুরে একটি আসন ও বিরভুমে দুটি আসনে লড়বে। এখনও পর্যন্ত ২৩ আসনের মধ্যে আইএসএফের হিন্দু প্রার্থী হলেন ৭ জন। এঁরা হলেন, অশোকনগরের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙার বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা বর্মন, ক্যানিং পশ্চিমে প্রবীর মণ্ডল, শালবনির পীযূষ হাঁসদা, বারাবনিতর বিশ্বজিৎ বাউড়ি, বোলপুরে অধ্যাপক বাপি সরেন।