রহমতুল্লাহ: মুর্শিদাবাদের লালগোলার প্রত্যন্ত চুয়াপুকুর গ্রামের সন্তান ড. আলিমুর্তজা শেখ জাতীয় স্তরে সম্মান অর্জন করে গর্বিত করলেন গোটা মুর্শিদাবাদকে। অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি আই-ই-আই তরুণ প্রকৌশলী পুরস্কার গ্রহণ করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন ড. আলিমুর্তজা শেখ। তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি. কিষাণ রেড্ডি, মহারাষ্ট্র সরকারের মন্ত্রী শ্রী আশিস জয়সওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জাতীয় স্তরের এমন মর্যাদাপূর্ণ সম্মান অর্জন নিঃসন্দেহে অনন্য সাফল্য। তাঁর এই কৃতিত্ব আরও একবার প্রমাণ করল- প্রতিভা ও অধ্যবসায়ের সামনে ভৌগোলিক সীমারেখা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ড. আলিমুর্তজা শেখের এই সাফল্যে চুয়াপুকুর, লালগোলা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদে গর্বের আবহ তৈরি হয়েছে। তাঁর এই অর্জন আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের আরও বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

চুয়াপুকুরের মাটি থেকে ভারতের জাতীয় মঞ্চে ড. আলিমুর্তজা শেখের এই উত্থান মুর্শিদাবাদের গর্বের ইতিহাসে নিঃসন্দেহে একটি উজ্জ্বল অধ্যায়।