পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। কসবা থানার ওসি বিশ্বনাথ দেবনাথকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগ, এলাকার দাগি অপরাধীদের যে তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছিল, তাতে কুখ্যাত সোনা পাপ্পুর নাম রাখা হয়নি। এই বিষয়টিকেই গুরুতর ত্রুটি হিসেবে দেখেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এ নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ভোটের আগে প্রতিটি থানার কাছ থেকেই সংশ্লিষ্ট এলাকার কুখ্যাত অপরাধীদের তালিকা চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকায় সাধারণত সেই সব দুষ্কৃতীদের নাম থাকে, যাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে বা যারা এলাকায় প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত। কসবা থানাও সেই অনুযায়ী তালিকা তৈরি করে কমিশনের কাছে পাঠায়।

কিন্তু কমিশন সূত্রে দাবি, সেই তালিকায় কুখ্যাত সোনা পাপ্পুর নাম অনুপস্থিত ছিল। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে শনিবার কসবা থানায় পৌঁছন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে ওসি বিশ্বনাথ দেবনাথের সঙ্গে কথা বলা হয়। সূত্রের খবর, তালিকা থেকে সোনা পাপ্পুর নাম বাদ যাওয়ার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
তার পরেই তাঁর বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

কসবা ও তোপসিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সোনা পাপ্পুর নাম আতঙ্কের সঙ্গে উচ্চারিত হয়। ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে প্রথমবার প্রকাশ্যে আসে তার নাম। পরে ২০১৭ সালে একটি খুনের মামলাতেও তার নাম জড়ায়। সেই মামলায় একটি পৃথক এফআইআরেও অভিযুক্ত হিসেবে উল্লেখ ছিল তার। এছাড়াও একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত এই সোনা পাপ্পু বর্তমানে পলাতক বলেই জানা গেছে।