সংবাদ সংস্থা, কার্শিয়াং: পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে কার্শিয়াংয়ের পথে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বুধবার তিনি সকাল সাড়ে দশটা নাগাদ কার্শিয়াং সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন। টানা ৮ কিলোমিটার হেঁটে তিনি মহানদী এলাকায় পৌঁছোন।  পথের দোকানেই বসেই চা খান তিনি।

এদিন বেশ হালকা মুডেই ছিলেন মুখ্যমন্ত্রী। চা খেতেই গান ধরেন ইন্দ্রনীল সেন। রাস্তার ধারে পাহাড়ি মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। ৫৫ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর করেন।
সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

পাহাড় থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী বিয়োগের ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।  

এমনিতে পাহাড়ে এলে হাঁটা মুখ্যমন্ত্রীর অভ্যেস।

এবারও দার্জিলিংয়ে তাঁর ব্যতিক্রম হয়নি। টানা দীর্ঘপথ হাঁটতেও  অক্লান্ত থাকেন তিনি। একটি দোকান থেকে দু’জোড়া জুতোও কেনেন তিনি। তাঁর মধ্যে বাচ্চার জুতোও ছিল। আর একটি ছিল নিজের জন্য চপ্পল।

পাহাড় থেকে নেমে বৃহস্পতিবার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।