পুবের কলম ওয়েব ডেস্ক: নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে দুষ্কৃতীরা। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বেথুয়াডহরি রেলগেটের কাছে তাঁদের গাড়িটি আটকানো হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর গাড়ি থেকে বাবা ও ছেলেকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু নিশ্চিত হয়।
এই চাঞ্চল্যকর জোড়া খুন এর ঘটনায় রবিবার সকালে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছেন হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখ। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, ফতেমার স্বামী তথা বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশেই এই জোড়া খুন সংঘটিত হয়েছে। পরিবারের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় আনিসুরের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং জুব্বার গোষ্ঠী রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছিল। সেই আক্রোশ থেকেই জেল থেকে এই খুনের ছক কষা হয়েছিল বলে দাবি করেছেন স্বজনরা।
ধৃতদের রবিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ।আরও পড়ুন:
এই নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন যে, রাজ্যে বিরোধী ও সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অন্যদিকে, প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। নৃশংস এই জোড়া খুন এর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।