পুবের কলম প্রতিবেদক: জামিন অযোগ্য পরোয়ানা নিয়ে জেলা শাসকদের ফের কড়া বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে কমিশনের নির্দেশ পালন করুন, প্রয়োজনে কড়া পদক্ষেপ নিন। প্রসঙ্গত, কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছিল রাজ্যে জামিন অযোগ্য পরোয়ানা শূন্য করতে হবে। সেই নির্দেশ পালন না হওয়ায় গতকাল সাংবাদিক সম্মেলন থেকেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
সূত্রের খবর, এরপর বুধবার ফের এই নিয়ে রাজ্যের জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।আরও পড়ুন:
এদিকে, সূত্রের খবর, রাজ্যের বেশিরভাগ থানায় আধিকারিকদের বদলির কারণে পুরনো জামিন অযোগ্য পরোয়ানার ফাইল ধামা চাপা পড়ে রয়েছে। এখন ভোট যত এগিয়ে আসছে ততই কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপর চাপ বাড়ছে। তৎপরতা বেড়েছে থানায় থানায়।
এমনটাই খবর, বেশ কয়েকটি থানা সূত্রে।আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, গত সপ্তাহের শুক্রবার পর্যন্ত রাজ্যে জামিন অযোগ্য পরোয়ানার সংখ্যা ছিল প্রায় ৪৬ হাজারের কাছাকাছি এবং এক্সিকিউটেড জামিন অযোগ্য মামলার সংখ্যা ৭৩ হাজার ৩৬৬। সূত্রের খবর, জামিন অযোগ্য ধারায় মামলার সংখ্যা কমানোর বিষয় নিয়ে রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিচ্ছে। যাতে ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং নিজেদের জনমত প্রদান করতে পারেন। এখন দেখার বিষয় একটাই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকে এত পদক্ষেপ নিয়ে কতটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাতে সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন।