পুবের কলম ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জন্য বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সরাসরি তাঁর অভিযোগ, আমলা ও অফিসারদের বদলি করে হিংসা ছড়ানো হয়েছে। মমতার স্পষ্ট হুঁশিয়ারি, এরজন্য দায়ীদের ছাড়া হবে না। শনিবার রানিগঞ্জের খান্দরা ফুটবল মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। 

গতকাল শুক্রবার রঘুনাথগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে।

তাতে বেশ কয়েকজন জখম হন। তানিয়ে এদিন সরব হন মমতা। এদিনের সভা থেকে মমতা বলেন, নির্দেশ না মেনেই  অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা হয়েছে। কমিশন তারপরেও কোনও ব্যবস্থা নেয়নি। প্রসঙ্গত, রাজ্যে ভোট ঘোষণার পরেই একের পর এক শীর্ষ কর্তা ও আধিকারিকদের বদলি করে কমিশন। সে প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, "অফিসারদের সরিয়ে দাঙ্গা করানো হয়েছে।
রাজ্যে টাকা ঢোকানো হচ্ছে। কেউ ছাড় পাবে না।" এরপরেই আধিরকারিকদের উদ্দেশ্যে মমতা নিরপেক্ষভাবে কাজ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন। 

উল্লেখ্য, রঘুনাথগঞ্জে রামনবমীর শোভাযাত্রা বের হয়। রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল সেই শোভাযাত্রা। সিসাতলা এলাকায় গান বাজানোকে ঘিরে আপত্তি জানান স্থানীয়রা।

তাতেই উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মুহূর্তে এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর একের পর এক অফিসারদের বদলি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। তাঁর আশঙ্কা ছিল এরফলে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়বে। তৃণমূলের দাবি, দলের নেত্রীর সেই আশঙ্কায় সত্যি হয়েছে।