কিবরিয়া আনসারী: 'ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন' সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূল, সিপিএম, বিজেপি যাকে মনে হয় ভোট দিন। কিন্তু ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দেবেন।' ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতার রাজপথে সংহতি মিছিল করে তৃণমূল। সেই মিছিলে উপস্থিত ছিলেন মমতা-অভিষেক।
মিছিল শেষে পার্কসার্কাস ময়দানে জনসভা আয়োজিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে অভিষেক বলেন, 'আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না। বৈচিত্রের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা দেশ, নানা মত, নানা পরিধানের মন্ত্রে।'আরও পড়ুন:
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন নিয়ে দেশেজুড়ে নানা বির্তকের জন্ম দিয়েছে।
বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি। রামমন্দির বিজেপির ভোট বৈতরণীর কৌশল বলেও কটাক্ষ করেছে বিরোধীরা। এবার নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন হিন্দু, ধর্ম বাড়িতে পালন করব। যখন আমি মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তখন আমার কোনও ধর্ম নেই। আমার একটাই ধর্ম, মানবধর্ম।