পুবের কলম ওয়েবডেস্ক: নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। নিহতের নাম নূপুর চট্টোপাধ্যায় (৫২)। তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে। শনিবার ঈদ উল আযহার দুপুরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
মৃত ওই মহিলা কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন৷ নবান্নের সামনে দায়িত্বে ছিলেন তিনি। এই ঘটনায় ঘাতক টোটোর চালককে গ্রেফতার করেছে হাওড়ার শিবপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি।
তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার দুপুর ২ টো নাগাদ। নবান্নর সাবওয়ের সামনে রাস্তা পার করছিলেন নূপুর চট্টোপাধ্যায়। সেই সময়েই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি টোটো আচমকা তাঁকে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে দেওয়ালে মাথা ঠুকে গুরুতর চোট পান তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে যান।
সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।নার্সিংহোমেও তিনি যান। তিনি বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে । তারপর ওঁকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। এখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি যা আইনি প্রক্রিয়া আছে আমরা করছি।”আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন মৃতার স্বামী। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও। ঘটনার তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ চালক-সহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে চালককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, চালকের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে।