পুবের কলম, ওয়েব ডেস্ক: আল্লাহ চাইলে খুব শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনঃস্থাপনের দাবিতে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমার কেন্দ্র সরকারের প্রতি আস্থা আছে। নিশ্চয় উনি কাশ্মীরকে তার প্রাপ্ত মর্যাদা ফিরিয়ে দেবেন।

বলা বাহুল্য, পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে।

বারবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে পর্যন্ত সেকথা জানানো হয়েছে। নির্বাচন প্রাক্কালে শ্রীনগরের একাধিক জনসভাতে একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়।

২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু-কাশ্মীর।

সেই সঙ্গে রাজ্যটিকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়েছিল সরকার --- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ২০২৪-এ জম্মু-কাশ্মীরে ভোট হয়। বিপুল ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ওমর। কিন্তু রাজ্যের মর্যাদা এখনও ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

এদিন সাংবাদিকদের সওয়াল - জবাবে ফারুক আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ ১৯৪৭ সাল থেকে চ্যালেঞ্জ সহ্য করে আসছে। এটি নতুন কিছু নয়। তবে কোনও কিছুই স্থির নয়, সবকিছুই চলমান। আল্লাহর ইচ্ছায়, এখানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমি আশা করি আমাদের দেশের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এটিকে আরও উন্নত করবেন। আর খুব শীঘ্রই কাশ্মীর তার মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।