পুবের কলম ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর এই সম্মানের ঘোষণা করলেও শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ সম্মানে ভূষিত করেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু।

এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এই সম্মান দেওয়া হল ত্রিনিদাদে। কোভিডের সময় গোটা বিশ্বকে সাহায্য করা, প্রবাসীদের সঙ্গে সংযোগ স্থাপন ও নানাবিধ অবদানের স্বীকৃতি হিসাবে মোদিকে এই সম্মান প্রদান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকারের।

দেশের ১৪০ কোটি ভারতবাসীকে এই পুরস্কার উৎসর্গ করন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঁচ দিনের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দ্বীপরাষ্ট্রের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন, রাজধানী পোর্ট অফ স্পেনে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ত্রিনিদাদ ও টোবাগোয় গিয়েছেন নরেন্দ্র মোদি।