পাটনা, ৯ জুলাই : বিহারে ঠিক বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে বিশেষ সংশোধনের কাজ শুরু করেছে, তার প্রতিবাদে বুধবার পাটনা বিশাল জনবিক্ষোভের সাক্ষী থাকল। এদিন বিভিন্ন দাবিতে যে ভারত বনধ এর ডাক দেওয়া হয় তারই অঙ্গ হিসেবে এই জনবিক্ষোভ হয়। আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি, বিকাশশীল ইনসান পার্টি এবং পাপ্পু যাদব এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পাটনায় আয়কর ভবন থেকে গোলাম্বরে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের পুরোভাগে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপি আই নেতা ডি রাজা, সিপি আইএম এল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, কংগ্রেস নেতা রাজেশ রাম, শাকিল আহমেদ প্রমুখ।
আরও পড়ুন:
মহাগোঠবন্ধনের এই মিছিল ঘিরে ব্যাপক জনসমাগম হয়।
এছাড়া হাজিপুরে আরজেডি কর্মীরা গান্ধী সেতুতে অবরোধ করে। শোনপুরে আরজেডি বিধায়ক মুকেশ রোশনের নেতৃত্বে পথ অবরোধ হয়। জেহানাবাদ স্টেশনে আরজেডির ছাত্র শাখা পথ অবরোধ করে। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, তাড়াহুড়ো করে ভোটার তালিকায় এই সংশোধন করা হচ্ছে বিজেপির সুবিধা করার উদ্দেশ্যে। এতকাল কেন এই সংশোধন করা হয় নি? শাকিল আহমেদ বলেন, স্বতঃস্ফূর্ত এত মানুষের জনসমাগম প্রমাণ করছে, মানুষ আমাদের অভিযোগ সিরিয়াস ভাবে গ্রহণ করেছে। ভোটার তালিকায় যদি ভুল থাকে, এই তালিকার ভিত্তিতেই তো লোকসভা ভোট হয়েছে।আরও পড়ুন:
তাহলে লোকসভায় যারা জয়ী হয়েছেন তাঁরা পদত্যাগ করুন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সকালেই পৌঁছে যান পাটনায়। সকাল দশটায় মিছিল শুরু হয়। মিছিলকারীদের স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে মামলার শুনানি রয়েছে।