পুবের কলম ওয়েবডেস্কঃ  আগামী সপ্তাহে বঙ্গে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই সব দল প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচার চালাচ্ছে জোর কদমে। তারই মধ্যে বিজেপির প্রার্থী তালিকা দেখে হতবাক রাজনৈতিক মহলের একাংশ। ভোটটা কি আদৌ বাংলায় হচ্ছে?

নাকি বিহার অথবা উত্তরপ্রদেশে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক অলিন্দে। কারণ বঙ্গভূমিতে বিজেপির প্রার্থী তালিকায় অবাঙালি নামের ছড়াছড়ি। কলকাতা থেকে মুর্শিদাবাদ, বিজেপির প্রার্থী তালিকায় যেন অবাঙালি মুখই যেন বেশি।
আর ভোটমুখী বাংলায় তাই এখন বিজেপির প্রার্থী তালিকা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। 

বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে, গেরুয়া শিবিরের তরফে বাঙালিদের প্রতিনিয়ত বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। এমনকি বাংলার সংস্কৃতিকেও অপমান করা হচ্ছে বলে বার বার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্বাচনী সভা থেকে অভিযোগ করেছিলেন, বাংলায় বিজেপি জিতলে গুজরাত, উত্তর প্রদেশ থেকে চালিত হবে। তাহলে এত সংখ্যায় অবাঙালি প্রার্থী দিয়ে কি বিজেপি সুকৌশলে বাংলাকে হিন্দি বলয়ে পরিণত করতে চাইছে? তাই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক অবাঙালি নাম। একনজরে প্রার্থী তালিকা-

এন্টালি - প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

জোড়াসাঁকো - বিজয় ওঝা

কাশিপুর - বেলগাছিয়া - রীতেশ তিওয়ারি

বেলেঘাটা - পার্থ চৌধারী

মেটিয়াবুরুজ - ভীর বাহাদুর সিং

বেহালা পূর্ব - সুনীল মহারাজ

চৌরঙ্গী - সন্তোষ পাঠক

নোয়াপাড়া - অর্জুন সিং

ভাটপাড়া - পবন সিং

জগদ্দল - রাজেশ কুমার

রাজারহাট নিউ টাউন - পিযুষ কানোরিয়া

রাজারহাট গোপালপুর - তরুনজ্যোতি তিওয়ারি

উলুবেড়িয়া দক্ষিণ - মঙ্গলানন্দ পুরী মহারাজ

বালি - সঞ্জয় সিং

হাওড়া উত্তর - উমেশ রাই

চাপদানি - দিলীপ সিং

উদয়নারায়নপুর - প্রভাকর পণ্ডিত

বেলডাঙ্গা - ভারত কুমার ঝাওয়ার

রতুয়া - অভিষেক সিংঘানিয়া 

সুজাপুর - অভিরাজ চৌধুরী

 

ফলে এই তালিকা দেখে রাজনৈতিক মহলের একাংশের মনে প্রশ্ন জেগেছে এটা কি বঙ্গের প্রার্থী তালিকা? নাকি সুকৌশলে বাংলাকে অবাঙালিদের হাতে তুলে দেওয়ার ছক কষছে বিজেপি? সচেতন নাগরিকদের একাংশের আশঙ্কা, এরকম হলে তা বাংলার পক্ষে অত্যন্ত বিপজ্জনক হবে।