পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় ফের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে রাজ্যের আবেদন মেনে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ৬ মে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর।
 
বুধবার আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় ৬ হাজার কোটি টাকা বকেয়া ডিএ হিসেবে প্রদান করা হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী গঠিত বিশেষ কমিটির সুপারিশ মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় চায় রাজ্য, এবং সেই আবেদনেই সম্মতি দেয় আদালত।


উল্লেখ্য, এর আগে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
 
আদালতের নির্দেশ মেনে ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হলেও এখনও কিছু সরকারি সংস্থার কর্মীরা সেই অর্থ পাননি বলে অভিযোগ রয়েছে। এদিকে, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই বিষয়ে বিস্তারিত সুপারিশ তৈরি করছে, যার পরবর্তী প্রতিবেদন এপ্রিলের শেষদিকে জমা পড়ার কথা।