পুবের কলম, ওয়েবডেস্ক: রেমালের দাপটে শহর কলকাতার অনেকাংশ বিপর্যস্ত। কোথাও কোথাও রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। মেট্রো স্টেশনে জল জমে মেট্রো চলাচলও আংশিক বন্ধ। পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে রেমাল। তার জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলের এলাকাগুলি তছনছ হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গে রেমালের দাপট প্রাণ কেড়েছে ২ জনের।আরও পড়ুন:
এই পরিস্থিতিতে রেমাল পরবর্তী রাজ্যের সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের মাধ্যমে রিপোর্ট তৈরির কাজ চলছে। দুর্যোগের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী কর্মসূচিও বদল করেছেন। নিজেই ফেসবুক পোস্টে মমতা জানিয়েছেন, উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রচারে রোড শো জনসভার সময় পরিবর্তন করা হয়েছে।
কলকাতার রাস্তায় ভেঙে পড়া গাছ পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কলকাতা পুরসভাকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
মুখ্যসচিব বিপি গোপালিকা জানিয়েছেন, প্রাথমিকভাবে নবান্নে আসা রিপোর্ট অনুযায়ী, ১২০০টি বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে, যার মধ্যে সুন্দরবনেই ৩০০-র বেশি। এছাড়া ৩০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। জেলাশাসকদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি ব্লকের আলাদা করে রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। সমস্ত তথ্য পেলে এর পর বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে।