পুবের কলম প্রতিবেদক: শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেবের আবির্ভাব দিবস বা গুরুপুরব উপলক্ষে শহিদ মিনার ময়দানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। ‘শ্রী গুরু সিং সভা, কলকাতা’র উদ্যোগে গুরু নানকের ৫৫৪তম প্রকাশপুরব-এর অনুষ্ঠানে রবিবার বহু মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান। তিনি ছাড়াও সংখ্যালঘু কমিশনের একাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিখদের পবিত্র অনুষ্ঠানে সৌহার্দ্য বিনিময় করেন।
আরও পড়ুন:
গুরুপুরব অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য এ দিনের প্রধান অতিথি আহমদ হাসান ইমরান আয়োজকদের অভিনন্দন জানান। তারপর তিনি বলেন, গুরু নানকজি অনেক বড় মাপের মানুষ ছিলেন। তিনি এক ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তার প্রচার করেন। তিনি জাত-পাত মানতেন না।
আহমদ হাসান ইমরান উল্লেখ করেন, এক ঈশ্বরের আরধনা ও সমাজিক কাজের (সোশ্যাল ওয়ার্ক) নির্দেশ দিয়েছেন গুরুজি। খুব কম ধর্মে এটা আছে।আরও পড়ুন:
অন্যদিকে সংখ্যালঘু কমিশনের আর এক সদস্য শেহনাজ কাদরি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ইসলাম ও শিখ ধর্মের মিলের কথা বলেন। সতনাম সিং আহলুওয়ালিয়া সংখ্যালঘু কমিশনের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। পাশপাশি বিত্ত নিগমের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসাবে শিখদের উন্নয়নে সরকারের কাজের দিক তুলে ধরেন।
আরও পড়ুন:
এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রবীণ সাংবাদিক বচন সিং সরল, পার্সি কমিউনিটির প্রতিনিধি সাইরাস জামসেদ ম্যাডান, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি বিকাশ বড়ুয়া, সতনাম সিং আহলুওয়ালিয়া, লখবীর সিং, গুরুবক্স সিং লোপেন প্রমুখ।