পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার পতনের পর প্রথম ডাকসু নির্বাচনে বিপুল সাফল্য পেল ইসলামী ছাত্র শিবির–সমর্থিত প্যানেল। ভিপি, জিএস ও এজিএসসহ বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা।

বাংলাদেশের গণমাধ্যমগুলি বলছে, ভিপি পদে শিবির সমর্থিত মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট।এজিএস পদে শিবির সমর্থিত মহিউদ্দিন খান জয়ী হয়ে পান ১১ হাজার ৭৭২ ভোট।

সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে গণনা চলে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।